
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেন, দেশে বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন।’
তিনি আরও লেখেন, ‘যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে।’
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে গণনা শেষে রাত থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে বিজয়ী হয়েছে। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এনসিপি ৬ টি ও বাংলাদেশ খেলাফত মজলিস ২ টি আসনে বিজয়ী হয়েছে।
সূত্র : জনকণ্ঠ












































