প্রচ্ছদ জাতীয় ফাঁসির মঞ্চ পেরিয়ে সংসদে যাচ্ছেন যে তিন নেতা

ফাঁসির মঞ্চ পেরিয়ে সংসদে যাচ্ছেন যে তিন নেতা

দীর্ঘ কারাবাস ও মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও অবশেষে জাতীয় সংসদে পৌঁছালেন তিন রাজনীতিক। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একসময় যাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় খালাস ও মুক্তি পেয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তারা।

বাবর

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালে গ্রেফতার হন। দীর্ঘ ১৮ বছর কারাবন্দি থাকার পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান তিনি। ২০২৫ সালের ১৬ জানুয়ারি কারামুক্ত হয়ে নিজ এলাকা নেত্রকোনায় ফেরেন। মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজারের বেশি ভোটে জয় পান।

পিন্টু

২১ আগস্টের একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পান। জন্মস্থান টাঙ্গাইলে ফিরে গোপালপুর-ভূঞাপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হন পিন্টু।

আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ২০০৯ সালে গ্রেফতার হন এবং ২০১২ সাল থেকে দীর্ঘ এক যুগ কারাবন্দি ছিলেন। ২০২৫ সালের ২৮ মে কারামুক্তির পর রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নেন। সেখানে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সূত্র : জনকণ্ঠ