
ইসলাম ধর্মবলম্বীদের জন্য রমজান মাস হলো অত্যন্ত পবিত্র এবং গভীর তাৎপর্যপূর্ণ। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সারা বিশ্বের মুসলিমরা এই পুরো মাস সিয়াম সাধনায় কাটায়।
এজন্য এই মাসটিকে ঘিরে সমগ্র মুসলিম উম্মাহর বিশেষ প্রস্তুতি থাকে। এটি একটি তাৎপর্যপূর্ণ রমজান মাসের চাঁদ নিয়ে এবার নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।
আইএসি জানায়, আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই চাঁদ দেখা যেতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ পূর্বাভাস প্রকাশ করে আইএসি।
প্রথমে ধারণা করা হচ্ছিল যে, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দেবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর রমজান মাসের চাঁদ আকাশে উঠবে।
তবে আইএসির রোববারের বিবৃতিতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ।
ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হলো রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে রোজা বা সিয়াম বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসের পুরোটা জুড়ে রোজা পালন করেন।
রমজান মাসের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপন করা হয়, যাতে রমজানের সিয়াম সাধনা শেষ করে মুসলিমরা স্বাভাবিক জীবনে প্রবেশ করতে পারে।
বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে উঠবে রমজানের চাঁদ। আর রোজা শুরু হবে ২১ ফেব্রুয়ারি।
সূত্র : জনকণ্ঠ













































