
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
তিনি বলেছেন, উনি (রুমিন ফারহানা) এতটা বছর বিএনপির পক্ষে কথা বলেছেন, কারণ বিএনপি আসলেই নির্যাতিত ছিল। বিএনপি কষ্ট করেছে, বিএনপির নামে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই কথাগুলো বিএনপির একটা টিম লিখে লিখে তাকে দিতো, তিনি পড়তেন, জনগণকে জানাতেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিএনপি রুমিন ফারহানাকে সংসদ সদস্য বানিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দলের প্রতি অনুগত থাকাটা অনেক বেশি প্রয়োজন। দল কেনো ওনাকে মনোনয়ন দেয়নি, সেটা দলের সিদ্ধান্ত। আমাদের অনেককেই দেয়নি। আমরা তো বিরোধিতা করলাম না। দল করলে আপনাকে কমিটেড হতে হবে। রাজনীতি করলে জনগণের সাথে কমিটমেন্টের জায়গা থাকতে হবে।
রুমিন ফারহানাকে সতর্ক করে নাদিয়া পাঠান পাপন বলেন, ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো ইচ্ছা বা মানসিকতা নেই। আমার মনে হচ্ছে মনের দুঃখে ওনি এতকিছু বলাটা উচিত হচ্ছে না। আমাদেরও তো শোনার একটা ধৈর্য্য আছে। ওই ধৈর্য্যটা পার হয়ে গেলে দেখা যায় যে, কত অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা যেন ওই জায়গায় না যাই।
চান্দুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












































