
পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
সম্প্রতি দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (মোহারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রমজান মাসজুড়ে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা দুই ঘণ্টা কমানো হবে। সাধারণত যেখানে কর্মীরা প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন, সেখানে রমজানে কম সময়ের এই নিয়ম প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় আরও জানায়, প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত কর্মঘণ্টার মধ্যে নমনীয় সময়সূচি অথবা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে। নির্ধারিত কম সময়ের বাইরে কোনো কর্মী অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং বিধি অনুযায়ী অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে।
এদিকে রমজান উপলক্ষে সরকারি খাতের কর্মঘণ্টাও কমানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। আর শুক্রবার অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে যে-সব পদ বা দায়িত্বের ক্ষেত্রে কাজের ধরন ভিন্ন, সেখানে এই সময়সূচি প্রযোজ্য নাও হতে পারে বলে জানানো হয়েছে।
কর্মঘণ্টা কমে যাওয়ায় বাসিন্দারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি ইবাদত, আত্মচিন্তা ও ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











































