প্রচ্ছদ জাতীয় যুবদলের ৫ শীর্ষনেতা দল থেকে বহিষ্কার

যুবদলের ৫ শীর্ষনেতা দল থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা কাজে জড়িত থাকার অভিযোগে যুবদল থেকে একসঙ্গে ৫ নেতাকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত ওই ৫ নেতা হলেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন শাহআলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, থানা যুবদল নেতা সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহেল, কবির হোসেন এবং আকবর হোসেন (এভিনিউ রোড)।

তাদের বহিষ্কারের বিষয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে এই ৫ জনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। এই অবস্থায় যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।