
আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশন আইনের মধ্যেই থেকে সব কার্যক্রম সম্পন্ন করেছে এবং গেজেট প্রকাশেও কোনো তাড়াহুড়া করা হয়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।
তিনি জানান, নির্বাচন কমিশন নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করে যথাসময়ে গেজেট প্রকাশ করেছে। এ ক্ষেত্রে কমিশন কোনো ধরনের তড়িঘড়ি করেনি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ফলাফল পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে কোনো অভিযোগকারী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন এবং আদালতের দ্বারস্থ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আদালত যদি ভোট পুনঃগণনার নির্দেশ দেয়, তাহলে নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। কমিশন সবসময় আইন মেনে কাজ করে এবং আদালতের নির্দেশনা অনুসরণ করতে বাধ্য।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে কমিশন প্রত্যাশার চেয়েও বেশি সফলতা অর্জন করেছে বলে তিনি দাবি করেন।
এদিকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনিয়ম ও সহিংসতার অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন তাদের অবস্থানে অনড় রয়েছে এবং কমিশনের দাবি, পুরো নির্বাচন প্রক্রিয়া আইনানুগ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে।
সূত্র : বিডি২৪লাইভ









































