
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া (২২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহত মিলন মিয়া চিকাশী ইউনিয়নের ছোনপঁচা গ্রামের ইদ্রীস আলীর ছেলে। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চিকাশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ধানের শীষ প্রতীকের একজন এজেন্টের ছবি নিয়ে মিলন ভোটকেন্দ্রের সামনে দিয়ে ফিরছিলেন। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মিলনের মাথায় ছুরিকাঘাত করা হয়।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান বলেন, আহত ছাত্রদল নেতা মিলন মিয়াকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা মিলন মিয়ার মাথায় ছুরিকাঘাতের বিষয়টি শুনেছি। এ ঘটনায় জামায়াত-শিবিরের লোকজনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছে বিএনপি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








































