
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বহালের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। অন্যদিকে, একই আসনের বিএনপির অন্য প্রার্থী দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার আর আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না। গতকাল রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে মোবাশ্বের আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। তিনি জানান, প্রার্থিতার বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। তবে হাইকোর্টের রায় বহাল রয়েছে। তার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই।
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ২৫ জানুয়ারি ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং একপর্যায়ে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি প্রতীকও পান। তবে একই আসনের প্রার্থী হাসান আহমেদ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গতকাল লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগ গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।
অন্যদিকে, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ইসিতে আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকি। গত ১৮ জানুয়ারি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। তবে গত ২২ জানুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গতকাল আপিল বিভাগেও সেই আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনী পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।












































