
পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারিসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেতুর নিচে লোহার পাইপ চুরির সময় তাদের আটক করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আটক হেমায়েত বেপারির চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারির আটকের বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।








































