
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মানুষকে ভয় নয়, আশা দিন। সহিংসতা বা প্রতারণার মাধ্যমে নয়—মানুষের হৃদয় ও মন জয় করুন।’
রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে গত কয়েক দিনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমি ঢাকা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, শেরপুর ও জামালপুর সফর করেছি। যেখানেই গেছি, সেখানেই হাজার হাজার মানুষের কণ্ঠস্বর শুনেছি। নারী–পুরুষ সবাই এক কণ্ঠে কথা বলেছেন। তারা স্পষ্টভাবে বলেছেন—আমরা পরিবর্তন চাই, আমরা একটি নতুন বাংলাদেশ চাই।
তিনি আরও বলেন, আজ তাই আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে একটি সহজ প্রশ্ন রাখতে চাই—আপনারা কি নির্বাচনি প্রচারে পিছিয়ে পড়ছেন? আপনারা কি এই নির্বাচন হেরে যাওয়ার আশঙ্কা করছেন, যেমনটি আপনাদেরই কিছু প্রার্থী প্রকাশ্যে স্বীকার করেছেন? এ কারণেই কি ভীতি সৃষ্টি করতে সহিংসতার আশ্রয় নেওয়া হয়েছে? যদি তাই হয়ে থাকে, তবে স্পষ্ট করে বলতে চাই—এটি ব্যর্থ হয়েছে। জনগণ সাহসের সঙ্গে জবাব দিয়েছে। তারা বলেছে, ‘আমরা আপনাদের ভয় করি না।’
জামায়াত আমির বলেন, কণ্ঠরোধ করতে ও অংশগ্রহণ নিরুৎসাহিত করতে কি হুমকি দেওয়া হয়েছে? সেটিও ব্যর্থ হয়েছে। জনগণ দৃঢ়ভাবে বলেছে, ‘আপনাদের হুমকি আমাদের থামাতে পারবে না।’ আর যখন আমার বিরুদ্ধে বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, তখনো জনগণ সত্য বুঝে নিয়েছে। তারা বলেছে, ‘আমরা জানি এর পেছনে কারা রয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন জাগ্রত ও দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের জেন-জিকে আর বোকা বানানো যাবে না। সম্মানের সঙ্গে আমি বলছি—চলুন, আমরা সৎ প্রতিযোগিতায় নামি। আপনাদের ধারণা নিয়ে সামনে আসুন। নীতিমালা ও ইশতেহার থাকলে তা উপস্থাপন করুন।
তিনি আরও বলেন, ১২ তারিখে বাংলাদেশের মানুষ যেন অবাধে তাদের ভোট দিতে পারে। আর তারা যখন ভোট দেবে, তখন আমাদের সবারই উচিত তাদের সিদ্ধান্তকে সম্মান করা।
সূত্র : দেশ টিভি













































