
মাদারীপুর-১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনভর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট গণনায় পাল্টে যায় ফলাফলের চিত্র। এই সমাপ্তিতে বিজয়ী হন হাজী শরিয়াতুল্লার বংশধর, ৭ম পুরুষ রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা শুরু হয়। প্রাথমিকভাবে সাধারণ ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই ব্যবধান কমতে থাকে। শেষ পর্যন্ত পোস্টাল ভোটেই নির্ধারিত হয় বিজয়-পরাজয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, রিকশা প্রতীকের প্রার্থী সাধারণ ভোটে পান ৬৩৫১১ এবং পোস্টাল ব্যালটে ১৩৯৮ ভোট। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৬৪৯০৯।
অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাধারণ ভোটে ৬৪২৯১ এবং পোস্টাল ভোটে ২৩৩ পেয়ে মোট ৬৪৫২৪ ভোট অর্জন করেন। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ৩৮৫ ভোট।
এদিকে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা (জাহাজ) ৩৬ হাজার ৪৪৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ১৪২ ভোট। ট্রাক ও ফুটবল প্রতীকের প্রার্থীরা যথাক্রমে ৩ হাজার ২৩ ও ৩ হাজার ২১ ভোট পান। এছাড়া হরিণ, কাস্তে, লাঙ্গল ও আনারস প্রতীকের প্রার্থীরা তুলনামূলক কম ভোট পেয়েছেন।
মোট ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ১২৭টি। এর মধ্যে ৩ হাজার ৫০৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
নির্বাচন ঘিরে শুরু থেকেই শিবচরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে পোস্টাল ব্যালটের ফলেই চূড়ান্তভাবে এগিয়ে গিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন হাজী শরিয়াতুল্লার বংশধর, ৭ম পুরুষ সাইদ উদ্দিন আহমাদ হানজালা।












































