প্রচ্ছদ হেড লাইন পঞ্চগড়ে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম অবরুদ্ধ

পঞ্চগড়ে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম অবরুদ্ধ

পঞ্চগড়-১ আসনের (পঞ্চগড় সদর, আটোয়ারি ও তেতুলিয়া উপজেলা) ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে পঞ্চগড় পৌরসভার সাধারণ সম্পাদক আমিনুর রহমান রিলু (লিচুতলা)–এর বাসায়। অভিযোগ রয়েছে, সেখানে অবস্থানকালে বিএনপির কিছু নেতাকর্মী বাসাটি ঘেরাও করে রাখেন।

জানা যায়, এর আগে স্থানীয়ভাবে বিএনপির কিছু নেতাকর্মী আমিনুর রহমান রিলুকে হুমকি দেন এবং তার কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রেক্ষিতে সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে লেখেন, “বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা পঞ্চগড় পৌর-এনসিপির সদস্যসচিবকে হুমকি দিয়ে এইমাত্র ২০ হাজার টাকা চাঁদা নিয়ে গেছে।”

তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আমিনুর রহমান রিলুর বাসায় দুই বস্তা টাকা রাখা আছে। পরে তাদের একজন প্রতিনিধি বাসার ভেতরে গিয়ে অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাননি বলে জানা গেছে।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয় পক্ষকে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। দীর্ঘ সময় পর সার্কেল এসপি শাওমিক ইমতিয়াজ ও সদর থানার ওসির সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আমিনুর রহমান রিলুর বাসা থেকে জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন ও ১১ দলীয় জোটের নির্বাচনী এজেন্ট নাসিরউদ্দিন সরকার নিরাপদে স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।