প্রচ্ছদ জাতীয় নিক্সন চৌধুরীর গানম্যানসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিক্সন চৌধুরীর গানম্যানসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম ফকির ও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী সাবেক তুজারপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পরিমল দাস ও গানম্যান লবণ শরীফসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের বাসভবনে তারা এ যোগদান করেন।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম ফকির বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে আসছে না, ব্যালোটে নৌকা প্রতীক থাকবে না। যেহেতু ভোট একটি আমানত, ভোট তো দিতেই হবে। সেহেতু স্বাধীনতার পক্ষের আরেকটি বড় দল বিএনপিকে বেছে নিয়েছি। শহিদুল ইসলাম বাবুল একজন যোগ্য প্রার্থী তার কথাবার্তা ভালো লেগেছে, এজন্য আমরা সকলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে মাঠে নেমেছি, আর কতকাল পালিয়ে থাকব।’

এদিকে তুজারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল দাস বলেন, ‘মিডিয়ার যুগ, মঞ্চে বক্তব্য দিলেই দেখতে পারবেন কি জন্য যোগ দিয়েছি।’

অন্যদিকে নিক্সন চৌধুরীর গানম্যান আওয়ামী লীগ নেতা লবণ শরীফ বলেন, ‘আমাদের যাওয়ার আর জায়গা নাই বাঁচার তাগিদে, স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে। যদি কোনোদিন শেখ হাসিনা ফিরে আসে, তাহলে আমরা আবার ফিরে যাব। এই মুহূর্তে বিএনপিকে আমরা ভোট দিব সেই লক্ষেই আমরা যোগ দিয়েছি।’