প্রচ্ছদ জাতীয় থানার ভেতরে যুবদল নেতার হা’মলা, পুলিশ সদস্য আ’হত

থানার ভেতরে যুবদল নেতার হা’মলা, পুলিশ সদস্য আ’হত

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার ভেতরে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত শফিকুল ইসলাম নামে ওই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড থানার প্রধান ফটকের ভেতরে গাড়ি রাখাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, থানায় গাড়ি পার্কিং নিয়ে মো. ইসমাইল হোসেনের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা ইসমাইল ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালান। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হলে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা ইসমাইলকে তাৎক্ষণিক আটক করে হাজতে নিয়ে যান এবং আহত সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে ইসমাইল হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানার সামনে এসে ভিড় জমান এবং সহকর্মীকে ছাড়িয়ে নিতে নানা স্লোগান দিতে থাকেন।

‎সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর বলেন, ‘গাড়ি রাখার বিষয়কে কেন্দ্র করে একে অপরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ বলেন, আমাকে কে চিনেন? এমন বাক্য ব্যবহার করায় ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা এ ঘটনা ঘটিয়েছেন। তাছাড়া একটা ছোট বিষয়কে কেন্দ্র করে একজন নেতাকে এভাবে থানা হাজতে আটকে রাখা ঠিক নয়।’

‎সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মহিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।