প্রচ্ছদ হেড লাইন জোট প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির নতুন কমিটি, যা বললেন নুর

জোট প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির নতুন কমিটি, যা বললেন নুর

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সহযোগিতা না করায় বিলুপ্ত হওয়া গলাচিপা, দশমিনা উপজেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নুর।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গলাচিপা উপজেলা বিএনপির ২১ সদস্যের কমিটিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেনকে সদস্য সচিব করে আহ্বায়ক করা হয়েছে। দশমিনা উপজেলা বিএনপির ১৬ সদস্যের কমিটিতে সিদ্দিক আহম্মেদ মোল্লা আহ্বায়ক এবং বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম শানু সদস্য সচিব মনোনীত হয়েছেন।

এ ছাড়া গলাচিপা পৌর বিএনপির আংশিক কমিটিতে সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান আহ্বায়ক ও সাহেব আলী মাতাব্বরকে সদস্য সচিব করা হয়েছে।

এর আগে ভিপি নুরের পক্ষে সক্রিয় ভূমিকা না রাখার অভিযোগে গত ১৭ জানুয়ারি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ফলে ১৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই তিনটি ইউনিট সাংগঠনিকভাবে কমিটি ছাড়া ছিল।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, “বিএনপি পটুয়াখালী-৩ আসনে আমাকে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করার জন্য আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। আমার পক্ষে মাঠে কাজ করার জন্য গলাচিপা ও দশমিনা উপজেলার বিএনপির সিনিয়র নেতাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর পক্ষে কাজ করেননি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কমিটি ভেঙে দেওয়া হয়। আজ দুই উপজেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিকে জোটের প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ‘যারা দলীয় সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদের নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতাদের প্রতি আমার আহ্বান থাকবে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো দ্রুত পুনর্গঠন করবেন। যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এবং জনগণকে কষ্ট দিয়েছেন, তারা যেন কোনোভাবেই নতুন কমিটিতে দায়িত্ব না পান। সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’