
জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে এবং তাদেরকে ভোট দিলে ইমান নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতকে ভোট দিলে আমরা তো আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো। তাই আমি অনুরোধ করবো—কোনো বিভ্রান্তিতে না পড়ে দেশের উন্নয়নের জন্য, আমাদের একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য আসুন ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি।’
জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বলতে শুরু করেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। একটা মার্কাকে ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?’
তিনি আরও বলেন, ‘হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপর বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ। আর চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী।’
নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার ঠাকুরগাঁও এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, কৃষি ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। কৃষকরা যেন ঠিকভাবে কৃষিকাজ করতে পারে, সেজন্য সার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।’
এসময় সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। নির্বাচিত হলে সবার আগে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করবো। আমার সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এলাকায় নতুন নতুন কলকারখানা স্থাপন করা হবে এবং বেকার সমস্যা দূর করার চেষ্টা করা হবে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র : দেশ টিভি








































