
জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করা হবে।
রোববার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
জাতীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়েই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে।
বিরোধী দলের ভূমিকা সম্পর্কে আমীর খসরু বলেন, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেই দেশ পরিচালনা করবে বিএনপি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক সৌজন্য ও সহনশীলতা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্রনীতি নিয়ে তিনি জানান, বিএনপির কোনো দেশভিত্তিক বা নির্দিষ্ট দেশকেন্দ্রিক নীতি নেই। ‘সব দেশই আমাদের বন্ধু’— এমন মন্তব্য করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সম্ভাব্য নতুন সরকার সবার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবে।
সূত্র : জনকণ্ঠ










































