
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ঘোষণা দিয়েছেন চাঁদাবাজদের পুলিশে ধরিয়ে দিলে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এ ঘোষনা দেন লুৎফুর রহমান কাজল।
পোষ্টে তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে পুলিশকে জানাতে অনুরোধ করছি। সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে।’
তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে তার প্রধান লক্ষ্য হলো কক্সবাজারকে নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক শহর হিসেবে গড়ে তোলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা।
কাজল বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত যেমন মৎস্য ও লবণ শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কক্সবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ১৮২টি কেন্দ্রে চূড়ান্ত ফলাফলে কাজল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুরকে ২৮ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে দ্বিতীয়বারের মতো জয়ী হওয়া কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট, অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন কমিশন সারাদেশে জয়ী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।
সূত্র : বার্তা বাজার










































