প্রচ্ছদ জাতীয় কে এই আলোচিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি?

কে এই আলোচিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি?

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষমতাসীন দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দীর্ঘ ৫০ বছর ধরে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং টিকাদানসহ গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের পর আলোচনায় আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-২৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করা এই নেত্রীর বাবা হাজী মো. নিজামউদ্দিন আহমেদ এবং মা হাজী মোছা. হোসনে আরা আহমেদ। তিনি রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী।

কলেজজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ফেরদৌসী আহমেদ কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

বিএনপির প্রয়াত আলোচিত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এছাড়া তার স্বামী সাইদুর রহমান নিউটন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। স্বামীর মৃত্যুর পর মিষ্টি নিজেই নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন এবং এলাকায় পরিচিতি পান।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর মধ্যে অন্যতম ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরবর্তীতে সংসদ সদস্যদের ভোটে তিনি সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।