
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত দলটির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
এর আগে একই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীও জরুরি সংবাদ সম্মেলন করে। দলটির অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় তাদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনাকে ‘নাটক সাজিয়ে’ প্রচার করা হচ্ছে বলেও দাবি করে তারা।










































